কবিতা
মন বৃক্ষের পাতা
- সাগর আল হেলাল
আমার চোখে তোমার স্বপ্ন দেখার তৃষ্ণা রেখেই
তুমি চলে গেলে;
বিচ্ছেদে জানা যায় ভালোবাসার গভীরতা
ছায়া হয়ে নামে আমার জলসিক্ত চোখে তোমার মুখ
তোমার মন বৃক্ষের ফুল-ফল
আমাকে ব্যথিত করে প্রতিরাতে বিছানার বালিশে
আমি শিশু
হয়ে কাঁদি।
তুমি চলে গেলে-
দুচোখে উপচে পড়া নদীর স্রোতে,
যে কৃষক হারায় তার লাঙ্গলের জমি
সমুদ্র হারায় যেই ডুবুরী
তাদেরই একজন করে এই অবেলায়;
ফসল কাটার আনন্দে হাসে কিশোরী কুলবধু
লেজ নাচায় কাঠ বিড়ালী খড়ের গাদায়
নবান্নের গন্ধ আসে বাতাসে-
আর একটিমাত্র বাঁক জঙ্গলের ভেতর দিয়ে
তারপরেই বন্দর
এমন নিঃসঙ্গ যাপনে আমায় একা রেখে
তুমি চলে গেলে
আমি শিশু হয়ে কাঁদি মন বৃক্ষের জলে ভেজা পাতায়!
No comments